লাশ
লাশ

আগুন আগুন চিৎকার শুনে ঘুম ভাঙে শ্রমিকদের, দুজনের মৃত্যু

ঢাকার পূর্ব বাড্ডার কবরস্থান রোডে একটি চিপস কারখানায় আগুনে পুড়ে দুই শ্রমিক মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মাহমুদুল হাসান (২৩) ও মোস্তফা মিয়া (২১)। তাঁরা দুজনই রংপুরের তারাগঞ্জ উপজেলার বাসিন্দা। মাহমুদুল হাসানের বাড়ি তারাগঞ্জ উপজেলার বড় জম্মাপাড়া গ্রামে। বাবার নাম ইসলাম উদ্দিন। আর মোস্তফা মিয়ার বাড়ি উপজেলার চর কাজীপাড়া গ্রামে। বাবার নাম মজনু মিয়া।

কারখানার শ্রমিক রাকিবুল ইসলাম জানান, রাতে কাজ শেষে ১০ জন শ্রমিক কারখানার ভেতরে ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে বাইরে থেকে ‘আগুন আগুন’ বলে চিৎকার শুনে তাঁদের ঘুম ভাঙে। পরে তাঁরা দেখতে পান, কারখানায় আগুন লেগেছে। তখন দ্রুত যে যেভাবে পারেন বের হয়ে আসেন। তবে মাহমুদুল হাসান ও মোস্তফা মিয়া বের হতে পারেননি। পরে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

বাড্ডা থানার উপপরিদর্শক মো. হারুন অর রশিদ বলেন, আজ সোমবার ভোর সোয়া চারটার দিকে কারখানার ভেতর থেকে অগ্নিকাণ্ডে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।

কারখানার কয়েকজন শ্রমিক বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়।

জানা গেছে, ভবনটি ছিল দোতলা। নিচতলায় ছিল একটি ফার্নিচারের কারখানা এবং ওপরতলায় চিপসের কারখানা। নিহত দুই শ্রমিক পূর্ব বাড্ডার কবরস্থান রোডের ওই কারখানাতেই থাকতেন।