
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করেছে রাজধানীর গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি। বাংলা নববর্ষের প্রথম দিনে মঙ্গলবার বিকেল থেকে গুলশানের লেক পার্কে বসে এ মেলা।
বৈশাখী মেলায় ছিল বিভিন্ন ধরনের কারুশিল্প প্রদর্শনী থেকে শুরু করে নানা পোশাক ও শিশুদের খেলনার সমাহার। ছিল বাহারি সব খাবারের আয়োজনও।
মেলায় পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সন্ধ্যায় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্রসংগীত। বর্ণাঢ্য এই আয়োজনের অন্যতম অনুষঙ্গ ছিল চিত্রশিল্পীদের নানা প্রদর্শনীও।
সন্ধ্যায় মেলা পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত প্রমুখ।
মেলা পরিদর্শনে এসে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এই আয়োজন এবং বাঙালি সংস্কৃতি ও সুর-সংগীতের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত বলেন, তিনি সম্প্রতি ঢাকায় এসেছেন এবং এসেই এ ধরনের একটি আয়োজনে অংশ নিতে পেরে আনন্দ অনুভব করছেন। বাঙালিরা সংস্কৃতি এবং সভ্যতায় একটা উন্নত জাতিসত্তা বলে তাঁর মনে হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা এসব আয়োজনে সহযোগিতা করছি। আমরা চাই, নগরবাসী উৎসবের মধ্যে থাকুন। আমরা চাই সবগুলো সোসাইটি থেকে এ ধরনের আয়োজন করা হোক।’
আয়োজন নিয়ে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘একটি শহর শুধু কংক্রিটের ভবন নয়, শহরকে বাঁচাতে হলে মানুষকে নানা আয়োজনে সম্পৃক্ত করতে হবে। সে জন্যই আমাদের এ আয়োজন। এসব আয়োজনে নগরবাসীকে সম্পৃক্ত করতে পারলে আমরা একটি সুন্দর শহর গড়তে পারব।’