
কারাগারে চিকিৎসক সংযুক্তির বিষয়ে ব্যাখ্যা জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। ২৪ জানুয়ারি তাঁকে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারী আইনজীবী মো. জে আর খান রবিন প্রথম আলোকে বলেন, কারাগারে থাকা বন্দীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকের ১৪১টি অনুমোদিত পদ রয়েছে। এর আগে কারা অধিদপ্তর জানায়, ৯৩ চিকিৎসককে সংযুক্ত করা হয়েছে।
বাকি ৪৮ চিকিৎসককে সংযুক্ত করতে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একাধিকবার সময় নেওয়া হয়। তবে স্বাস্থ্য অধিদপ্তর কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। তাই চিকিৎসক নিয়োগ না দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে ২৪ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে আইনজীবী জে আর খান রবিন, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ এবং কারা অধিদপ্তরের পক্ষে আইনজীবী মো. সফিকুল ইসলাম শুনানিতে অংশ নেন।
এর আগে দেশের কারাগারে বন্দীর ধারণক্ষমতা, বন্দীর পরিসংখ্যান, চিকিৎসকের সংখ্যা ও চিকিৎসকের শূন্য পদ পূরণ নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন রিট করেন। শুনানি নিয়ে ২০১৯ সালের ২৩ জুন হাইকোর্ট রুলসহ আদেশ দেন। এ ধারাবাহিকতায় ২০২০ সালের ২৯ জানুয়ারি হাইকোর্ট এক আদেশে বন্দীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের কারাগারগুলোয় অনুমোদিত ১১৭টি শূন্য পদে কারা চিকিৎসক নিয়োগ দিতে নির্দেশ দেন।
এ বিষয়ে ‘৮৩ হাজার কারাবন্দীর জন্য চিকিৎসক ৪ জন’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে আদালতের আগের আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে নির্দেশনা চেয়ে গত বছরের ৩০ অক্টোবর সম্পূরক আবেদন করে রিটকারী পক্ষ। শুনানিতে গত বছরের ১৫ নভেম্বর হাইকোর্ট বন্দীদের চিকিৎসার জন্য কারাগারে শূন্য পদে ডেপুটেশনে (প্রেষণে) চিকিৎসক নিয়োগ দিয়ে গত ১৩ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে অগ্রগতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে বলেন।
কারা মহাপরিদর্শকের এক প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৮ কারাগার ও ১টি কারা হাসপাতালে চিকিৎসকের ১৪১টি পদের বিপরীতে প্রেষণে ৪ জন, সংযুক্ত ৮৯ জনসহ মোট ৯৩ চিকিৎসক আছেন। বাকি ৪৮টি শূন্য পদে চিকিৎসক সংযুক্ত করতে বলে আদালত অগ্রগতি জানাতে বলেন। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি আদালতে ওঠে।