
রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় একটি ভবনের সামনে চায়ের দোকানে বসে ছিলেন রহিম ইসলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পান তিনি। এরপর দেখেন, পাশের বাসাটির জানালার কাচ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পড়েছে। সেখানে ছুটে গিয়ে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
আজ রোববার সন্ধ্যায় ওই বাসায় গ্যাস ছিদ্র থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পারভীন আক্তার (৩৮) নামের এক নারী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও দুই নারী। তাঁরা হলেন ফাতেমা আক্তার উর্মি (২০) ও ফরিদা বেগম (৬০)।
আহত ফরিদা বেগমকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রহিম ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ওই ভবনের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর বাসাটির জানালার কাচ ও দেয়ালের কিছু অংশ ভেঙে পড়ে। সেখানে গিয়ে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফরিদাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ফায়ার সার্ভিসের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, বাসায় গ্যাস ছিদ্রের কারণে গ্যাস জমে ছিল। রান্না করতে গেলে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে একটি গ্যাস সিলিন্ডারও পাওয়া গেছে।
আহত ফাতেমা ও ফরিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। তাঁদের একজনের শরীরের বিভিন্ন স্থানে কাচের টুকরার আঘাত লেগেছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে আহত দুজনের চিকিৎসা চলছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন।