ডেঙ্গু নিয়ে ৩২ জন হাসপাতালে

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা
ছবি: রয়টার্স

গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল আটটা থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত) ৩২ জন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। আগের দিন ডেঙ্গুতে চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা সেটিই ছিল প্রথম। এ সময় ২০ জন নতুন রোগী ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ১৫ জন ও ঢাকার বাইরে ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন ও অন্যান্য বিভাগে ১১৩ জন।
দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি রোগী মারা গেছেন গত বছর। ওই সময় ২৮১ জন মারা গেছেন। ২০০০ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছিল। ওই বছর ডেঙ্গুতে মারা যান ৯৩ জন।

এরপর ডেঙ্গুর সবচেয়ে বড় প্রকোপ দেখা দেয় ২০১৯ সালে। ওই বছর মারা যান ১৭৯ জন। করোনা মহামারি শুরুর বছর, অর্থাৎ ২০২০ সালে মারা যান ৭ জন এবং পরের বছর মারা যান ১০৫ জন।