‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬
‘হার এশিয়াটিক সার্কেল’–এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের। বাতিঘর আর্ট স্পেস, বনানী, ঢাকা। ১৫ জুন ২০২৬

নারী কর্মীদের জন্য এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

নারী কর্মীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে ‘হার এশিয়াটিক সার্কেল’ নামে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে মার্কেটিং কমিউনিকেশনস ও বিজ্ঞাপন সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটি। এই প্ল্যাটফর্মে অভিজ্ঞতা বিনিময়, দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন, সৃজনশীলতা, জীবনযাপন এবং কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে আলোচনা হবে।

সোমবার রাজধানীর বনানীর বাতিঘর আর্ট স্পেসে এক অনুষ্ঠানে হার এশিয়াটিক সার্কেলের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এশিয়াটিক থ্রিসিক্সটির কর্মী, শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে ছিল আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা ও মতবিনিময়।

এশিয়াটিক থ্রিসিক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীর ক্ষমতায়নে নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে নতুন এই প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা বলেন, দক্ষতা উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে প্ল্যাটফর্মটি।

অনুষ্ঠানে অডিও-ভিজ্যুয়ালের মাধ্যমে প্ল্যাটফর্মটির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। নারী কর্মীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নেওয়া এই উদ্যোগে আইনি অধিকার, আর্থিক সচেতনতা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক নানা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কর্মক্ষেত্রে সমতা ও নারী পেশাজীবীদের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও খোলামেলা আলোচনা হবে। বছরজুড়ে নিয়মিত যোগাযোগ নিশ্চিতে বিভিন্ন অনলাইন ও অফলাইন মাধ্যম ব্যবহার করবে প্ল্যাটফর্মটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বছরব্যাপী বিভিন্ন কর্মশালা, সাংস্কৃতিক আয়োজন, সৃজনশীল প্রদর্শনী ও নেতৃত্ববিষয়ক সেশনের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যক্রম চলবে। এর মাধ্যমে কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও সহযোগিতাপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এশিয়াটিক থ্রিসিক্সটি।

উদ্যোগটি সম্পর্কে এশিয়াটিক থ্রিসিক্সটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্রেয়া সর্বজয়া বলেন, ‘এটি কেবল যোগাযোগের সাধারণ কোনো প্ল্যাটফর্ম নয়। এখানে আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলছি, যেখানে নারীরা সাহসিকতার সঙ্গে নিজেদের গল্প তুলে ধরবেন এবং বর্তমান বা সাবেক সহকর্মী—সবাই একে অপরের পাশে থেকে সামনে এগিয়ে যাবেন।’

এশিয়াটিক থ্রিসিক্সটির চেয়ারপারসন সারা যাকের বলেন, ‘প্রকৃত ক্ষমতায়ন শুধু কারও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি কমিউনিটির সবার সম্মিলিত অভিজ্ঞতা ও প্রজ্ঞার মধ্য দিয়েই তা আরও সমৃদ্ধ হয়। এই বিশ্বাস থেকেই হার এশিয়াটিক সার্কেলের যাত্রা। সমাজের নানা ক্ষেত্রে নারীরা তাঁদের মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে চলেছেন। এই উদ্যোগ সেই অবদানেরই স্বীকৃতি।’