বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বৈঠকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সহায়তা চাইল বাংলাদেশ

ডেঙ্গু মশা
ফাইল ছবি

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহায়তা চেয়েছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এই সহায়তা চাওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এই সভা হয়।

গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম। বৈঠকে ডব্লিউএইচওর আবাসিক প্রতিনিধি বর্ধন জং রানাসহ চার সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এ ছাড়া রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক তাহমিনা শিরীন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) আহমেদুল কবির ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

বৈঠকের বিষয়ে নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই বৈঠক ডব্লিউএইচওর আগ্রহেই হয়েছে। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এ বৈঠক হয়েছে। বিশ্বজুড়ে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ডব্লিউএইচও। এ বিষয়ে আমরা নিয়মিত তথ্য পাই। তাদের সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত উন্নত মানের। আমরা সেই সহযোগিতা চেয়েছি।’

করোনা পরিস্থিতি যেহেতু এখন অনেকটাই নিয়ন্ত্রণে, সে জন্য সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানান নাজমুল ইসলাম। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে ডব্লিউএইচও।

নাজমুল ইসলাম বলেন, ‘ডব্লিউএইচও বিভিন্ন দেশের সংশ্লিষ্ট প্রতিনিধির সঙ্গে বৈঠক করছে। এর ধারাবাহিকতাতেই বাংলাদেশের সঙ্গে বৈঠকে বসেছে। বৈঠকে ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেশী দেশের অভিজ্ঞতা ভাগ করা হয়। এর আগে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে ডব্লিউএইচও কাজ করার আগ্রহের কথা জানায়।