বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির ২০০ সদস্য সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুরে মশকনিধন নিয়ে একটি সচেতনতা শোভাযাত্রা করে ডিএনসিসি। ১৭ মে
বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির ২০০ সদস্য সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুরে মশকনিধন নিয়ে একটি সচেতনতা শোভাযাত্রা করে ডিএনসিসি। ১৭ মে

ঢাকা উত্তর সিটি

মশা নিধনে স্কাউট ও বিএনসিসিকে নিয়ে মাঠে নামলেন মেয়র আতিক

মশা নিধনে এবার জাতীয় স্কাউট দল ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যদের নিয়ে মাঠে নেমেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মূলত এ দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঢাকা উত্তর সিটির বিভিন্ন ওয়ার্ড এলাকার বাসাবাড়িতে গিয়ে মশা নিধন কার্যক্রম বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে।

আজ বুধবার দুপুর বাংলাদেশ স্কাউট ও বিএনসিসির ২০০ সদস্য সঙ্গে নিয়ে রাজধানীর মিরপুরে মশকনিধন নিয়ে একটি সচেতনতা শোভাযাত্রা করে ডিএনসিসি। এ সময় ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম সঙ্গে ছিলেন।

ঢাকা উত্তর সিটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকা উত্তর সিটির আওতাধীন এলাকাগুলোকে ১ হাজার ৬০০ বর্গমিটার (৪০০ মিটার * ৪০০ মিটার) করে ছোট ছোট এলাকায় (গ্রিডে) ভাগ করা হয়েছে। একেকটি এলাকায় দুজন করে স্কাউট বা বিএনসিসির সদস্য কাজ করবে। ওই এলাকার প্রত্যিটি বাসাবাড়িতে গিয়ে তারা ডেঙ্গুর বিস্তার রোধে করণীয় বিষয় সচেতনতা সৃষ্টি করবে। আগামী শনিবার বিএনসিসি ও স্কাউট সদস্যদের এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

শোভাযাত্রায় মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আসন্ন বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রমে আমাদের সঙ্গে বিএনসিসি ও জাতীয় স্কাউট দল যুক্ত হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে মশকনিধন সম্পর্কে মানুষকে সচেতন করবে। এতে মশকনিধন কার্যক্রমে সামাজিক আন্দোলন গড়ে তোলা সম্ভব।’

রাজধানীর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শোভাযাত্রা শুরু হয়। শেষ হয় আল-নাহিয়ান উচ্চবিদ্যালয়ে গিয়ে। পরে ডিএনসিসি মেয়র বিদ্যালয়ের মাঠে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি ট্রাকে উঠে এডিস মশার উৎসস্থল—গাড়ির পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন।

আল-নাহিয়ান উচ্চবিদ্যালয়ের মাঠে ট্রাকে উঠে এডিস মশার উৎসস্থলগুলো দেখিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন ১৭ মে

মেয়র এ সময় বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএনসিসির কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে এবার তাই মাঠ নেমেছে বিএনসিসি ও স্কাউট। জনগণের মধ্যে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে। আর জনগণকে সম্পৃক্ত করতে না পারলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানান তিনি।

শোভাযাত্রায় ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদি, বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার কাজী নাজমুল হক, ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম ও ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।