রাজধানীর পুরান ঢাকায় নর্দমা পরিষ্কার করতে গিয়ে একজন পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মিলন শেখ (৩৮)। বৃহস্পতিবার দুপুরে ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে তিনি নিখোঁজ হন। শুক্রবার বেলা আড়াইটার দিকে একই এলাকা থেকে মিলনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
মিলন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারগাঁও গ্রামের জহিরুল শেখের ছেলে। তিনি রাজধানীর শ্যামপুরের নতুন আলী বহর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ওই এলাকায় ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। বেলা একটার দিকে মিলন ম্যানহোলে নামেন। এর ঘণ্টাখানেক পর হঠাৎ রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। সঙ্গে থাকা অন্য পরিচ্ছন্নতাকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজে অংশ নেন। প্রায় ২৫ ঘণ্টা চেষ্টার পর তাঁর লাশ উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।
কোতোয়ালি থানার উপপরিদর্শক এনামুল হক বলেন, ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করার পর সুরতহাল শেষে তা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানেই তাঁর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।