
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাহমিদ সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামকে ''জুলাই গণ–অভ্যুত্থানে নারীর ভূমিকা'' শীর্ষক বই উপহার দিয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপাচার্যের কার্যালয়ে তিনি এই বই উপহার দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাহমিদ সাকিব দীর্ঘ ছয় মাস ধরে জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারীদের সাক্ষাৎকার নিয়ে এ কাজটি সম্পন্ন করেন। পরে বইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে।
বইটি সম্পর্কে তাহমিদ সাকিব প্রথম আলোকে বলেন, ‘চব্বিশের জুলাই গণ–অভ্যুত্থানের সময় সাংবাদিকতা করার সুবাদে খুব কাছ থেকে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি। তাঁদের অংশগ্রহণই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু অভ্যুত্থানের পর তাঁদের আর সামনে দেখা যায়নি। সেই উপলব্ধি থেকেই আমার মনে হয়েছে, তাঁদের গল্পগুলোও যেন লিপিবদ্ধ থাকে।’
এ সময় উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম জুলাই গণ–অভ্যুত্থানে নারীদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করায় লেখককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানে নারীর ভূমিকা ছিল অসামান্য। নারীরা সামনে থেকে আন্দোলন করেছেন। তাঁদের অবদানের কথা স্মরণীয় করে রাখতে এ ধরনের কাজ সব সময় প্রশংসার দাবি রাখে।’
উপাচার্য আরও আশা প্রকাশ করেন, তাহমিদ সাকিবের এ উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীও ইতিহাস, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে গবেষণা ও লেখালেখিতে এগিয়ে আসবেন।