ডিইউজের একাংশের বিক্ষোভ সমাবেশে বক্তারা

সরকার সাংবাদিক ও গণমাধ্যমকে মুখোমুখি দাঁড় করিয়েছে

জাতীয় প্রেসক্লাবে ডিইউজের একাংশের বিক্ষোভ সমাবেশের পর মিছিল
 ছবি: ডিইউজের সৌজন্যে পাওয়া

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা ও এই সরকার একসঙ্গে যায় না। এই সরকার আসার পর সাংবাদিক ও গণমাধ্যমকে তাদের মুখোমুখি দাঁড় করিয়েছে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বক্তারা।  

গতকাল ‘বিরোধী রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের হামলার প্রতিবাদে’ এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

ডিইউজের একাংশের সভাপতি শহিদুল ইসলাম সমাবেশে সভাপতিত্ব করেন। সাংগঠনিক সম্পাদক সাঈদ খান সভা সঞ্চালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও এই সরকার একসঙ্গে যায় না। সংবাদপত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া এই সরকারের অভ্যাসগত রোগ। এটা তাদের নেশায় পরিণত হয়েছে।

সভাপতির বক্তব্যে শহিদুল ইসলাম বলেন, এই সরকার আসার পর সাংবাদিক ও গণমাধ্যমকে তাদের মুখোমুখি দাঁড় করিয়েছে। তারা বহু গণমাধ্যম বন্ধ করে দিয়েছে।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, সাংবাদিকদের ওপর গতকাল সরকার পুলিশ দিয়ে হামলা চালিয়ে আবারও প্রমাণ করল যে তারা গণমাধ্যমের বিরোধী। তারা গণমাধ্যমকে ভয় পায়।

সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাদের গণি চৌধুরী, বিএফইউজের সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ডিআরইউ সভাপতি মোরসালীন নোমানী, বিএফইউজের সিনিয়র সহসভাপতি মোদাব্বের হোসেন প্রমুখ।