ঢাকার ডেমরায় কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত ও এক কিশোর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা দুই বন্ধু ছিলেন বলে পরিবার জানিয়েছে।
নিহত কিশোরের নাম নাজমুল হোসেন (১৭)। মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। তার বন্ধু ইমন (১৮) সামান্য আহত হয়েছেন।
ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় ঢাকা পেপার মিলের ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পথচারী শাহিন মিয়া আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে ওরা দুজন। গুরুতর অবস্থায় নাজমুলকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢামেকের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক জানান, রাতে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানার পুলিশকে জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নাজমুলের বাবার নাম দেলোয়ার হোসেন। বাবার মসলা গুঁড়া করার কারখানা রয়েছে। নাজমুল সেই কাজে বাবাকে সহায়তা করতেন।