লাশ
লাশ

ডেমরায় সুইমিংপুলে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে সুইমিংপুলে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. সাকিব হোসেন (১৮)।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কোনাপাড়ার সামসি স্পোর্টস গ্যালারির সুইমিংপুলে এ ঘটনা ঘটে। নিহত সাকিব এ বছর দনিয়া কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি কদমতলীর দনিয়া বড়বাড়ি এলাকার বৈদ্যুতিক মিস্ত্রি আরিফ আলীর একমাত্র সন্তান।

নিহত পরীক্ষার্থীর বন্ধু ইফাত পাটোয়ারী বলেন, তাঁদের এলাকার প্রায় ১৬ জন বন্ধু মিলে ৩ হাজার ২০০ টাকা দিয়ে একটি মাঠ ভাড়া নেন। সেখানে ফুটবল খেলা শেষে সবাই সুইমিংপুলে গোসল করতে নামেন। একপর্যায়ে সাকিব পানিতে ডুবে যান। পরে সুইমিংপুল কর্তৃপক্ষের সহায়তায় তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ইফাত আরও বলেন, প্রথমে সাকিবকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সাকিবের বাবা আরিফ আলী বলেন, সকালে ছেলে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়েছিলেন। পরে খবর পান সুইমিংপুলে ডুবে তিনি অচেতন হয়ে পড়েছেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে সাঁতার জানতেন না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।