
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় লেগুনা উল্টে পাঁচ নারীসহ এক কারখানার সাত শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত শ্রমিকেরা।
আহত সাতজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢামেক সূত্র জানায়, তাঁদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। আহত ব্যক্তিরা হলেন মো. ওয়াজকরনী (২২), মো. রাসেল (২৫), সোনিয়া খাতুন (১৮), ঝুমুর আক্তার (১৬), রানু বেগম (৩৫), সুমি আক্তার (১৬), রহিমা বেগম (৩২)।
কারখানার শ্রমিক মো. জয় জানান, সাইনবোর্ড এলাকার স্বপন ল্যাম্প কোম্পানি নামে একটি কারখানায় কাজ করেন তাঁরা। যাত্রাবাড়ী থেকে লেগুনায় সাইনবোর্ড যাওয়ার পথে মাতুয়াইলে একটি যাত্রীবাহী বাস লেগুনাটিকে ধাক্কা দিলে উল্টে গিয়ে কয়েকজন আহত হন।
মো. জয়ও ওই লেগুনার যাত্রী ছিলেন। তিনি সামান্য আহত হয়েছেন। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত ব্যক্তিরা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।