গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেট কার। ধানমন্ডি, ঢাকা, ১০ আগস্ট ২০২৬
গাছ উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেট কার। ধানমন্ডি, ঢাকা, ১০ আগস্ট ২০২৬

বৃষ্টিতে ধানমন্ডির সড়কে উপড়ে পড়ল গাছ, তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত

ভারী বর্ষণের সময় রাজধানীর ধানমন্ডির ১২/এ নম্বর সড়কে বিশাল আকৃতির একটি গাছ উপড়ে গেছে। এতে সড়কে থাকা তিনটি প্রাইভেট কার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

আজ সোমবার রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টি শুরু হয়। এতে সড়কে যান চলাচলে ধীরগতি রয়েছে। হঠাৎ ধানমন্ডি ১২/এ সড়কের আবাহনী মাঠ এলাকায় চার রাস্তার মোড়ে ফুটপাতের ওপরে থাকা একটি বিশাল আকৃতির গাছ উপড়ে সড়কে আছড়ে পড়ে। ওই সময় সড়কটিতে চলাচল করা তিনটি প্রাইভেট কার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) শুভ্র দেব প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে হঠাৎ গাছটি উপড়ে চলতি গাড়ির ওপর পড়ে। গাড়িগুলো দুমড়েমুচড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। এই মুহূর্তে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশনে খবর দেওয়া হয়েছে। গাছটি সরানোর চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা আছেন।’