কনটেন্ট নির্মাতা আর এস ফাহিম
কনটেন্ট নির্মাতা আর এস ফাহিম

ইউটিউবার আর এস ফাহিম গ্রেপ্তার

রাজধানীর শাহ আলী থানা এলাকা থেকে ইউটিউবার আর এস ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল।

পুলিশ বলছে, আজ রোববার মিরপুরে চিড়িয়াখানা এলাকায় স্থানীয় একদল ব্যক্তি ‘মব’ তৈরি করে ফাহিমকে আটক করেছিল। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার প্রথম আলোকে বলেন, ফাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, শাহ আলী এলাকায় স্থানীয় কিছু ব্যক্তি আছেন, যাঁরা আওয়ামী লীগ–সংশ্লিষ্ট কাউকে দেখলে আটক করে ‘মব’ করার চেষ্টা করেন। তবে টাকা দিতে রাজি হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের একটি সূত্র বলছে, ফাহিমের সঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার সখ্য ছিল। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর এলাকা) সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের ঘনিষ্ঠ ছিলেন ফাহিম।

ফাহিমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলে গ্রেপ্তারের দাবি জানিয়ে গত সপ্তাহে সংবাদ সম্মেলন করেছিল ‘মঞ্চ–২৪’ নামের একটি সংগঠন।