গুলিস্তান এলাকার কয়েকটি বিপণিবিতানে কুলিমজুরি ফি আদায়ে এমন অনিয়মে দায় নিচ্ছে না কেউ।
এসব বিপণিবিতানে এই ফি আদায়ে ডিএসসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি এসবের কিছু জানেন না বলে দাবি করেছেন।
ব্যবসায়ীদের কেনা পণ্য বিপণিবিতানে ওঠানো বা নামানোয় পারিশ্রমিক নেন কুলিরা। এ জন্য সিটি করপোরেশনের নির্ধারিত একটি রসিদ দেওয়ার কথা। তবে পণ্যে হাত না দিয়েই বস্তা গুনে টাকা আদায় করার অভিযোগ উঠেছে কুলিদের বিরুদ্ধে। শুধু তা-ই নয়, ভুয়া রসিদ ছাপিয়ে পুরো টাকাই মেরে দেওয়া হচ্ছে।
রাজধানীর গুলিস্তান এলাকায় কয়েকটি বিপণিবিতানে (মার্কেট) কুলিমজুরি ফি আদায়ের ক্ষেত্রে এমন অনিয়মের ঘটনা ঘটছে। এসব বিপণিবিতানে এই ফি আদায় করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মামুনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাধারণত ইজারাদার ঠিক করে এই খাতে রাজস্ব আদায় করা হয়। তবে এ পর্যন্ত ইজারাদার ঠিক না হওয়ায় বিভাগীয় ব্যবস্থায় রাজস্ব আদায় করতে এই জনপ্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
গুলিস্তান এলাকায় অবস্থিত বিপণিবিতানগুলো থেকে পণ্য নিচে নামাতে বা ওপরে তুলতে কুলির সাহায্য নিতে চাইলে নির্ধারিত পরিমাণ ফি দক্ষিণ সিটিকে দিতে হয়। তবে এসব বিপণিবিতানের দোকানিরা বলেছেন, কুলিরা হাত দিয়ে বস্তা ধরেন না। সিটি করপোরেশনের রসিদ ধরিয়ে দিয়ে টাকা নেন তাঁরা। বিপণিবিতানে নিয়োজিত নির্দিষ্ট কিছুসংখ্যক শ্রমিক মালামাল ওঠানো-নামানোর কাজ করেন। এ জন্য তাঁদের বাড়তি টাকা দিতে হয়।
গুলিস্তান এলাকা হয়ে চলাচলকারী পরিবহন থেকে টোল আদায় ও এই এলাকায় অবস্থিত বিপণিবিতানগুলো থেকে মালামাল ওঠানো-নামানোর জন্য কুলিমজুরি খাতে ফি আদায় করতে ডিএসসিসি গত বছর ২ কোটি ৭১ লাখ টাকায় ইজারাদার ঠিক করেছিল। ওই ইজারার মেয়াদ শেষ হয়েছে গত বছরের ৩০ নভেম্বর। এরপর চলতি বছরের জন্য টোল ও ফি আদায়ে ইজারামূল্য ২ কোটি ৮৭ লাখ ২৬ হাজার টাকা ঠিক করে একাধিকবার বিজ্ঞপ্তি দেওয়া হলেও ইজারাদার ঠিক হয়নি। তাই রাজস্ব আদায় সচল রাখতে নিজস্ব ব্যবস্থায় টোল ও ফি আদায় করছে ঢাকা দক্ষিণ সিটি। সংস্থাটি এর সমন্বয়ে কাউন্সিলর মো. মামুনকে দায়িত্ব দিয়েছে।
জানতে চাইলে কাউন্সিলর মো. মামুন প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি এসবের কিছু জানেন না। তাঁর ব্যক্তিগত সহকারী ডালিম হোসেন ও ফুলবাড়িয়ার পরিবহন শ্রমিক নেতা শাহিন নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি। পরে ডালিম হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, টোল ও ফি আদায়ের কাজটি খুব চ্যালেঞ্জিং। এই দায়িত্ব পরিবহন নেতা শাহিনকে দেওয়া হয়েছে।
আর শাহিনের ভাষ্য, ভুয়া রসিদের বিষয়ে ডালিম হোসেন বলতে পারেন। তিনি কেবল পরিবহন থেকে টোল আদায় করেন। কিন্তু ডালিম হোসেন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
চলতি বছর এই খাতে যে পরিমাণ ইজারামূল্য নির্ধারণ করা হয়েছে, তাতে ইজারাদারকে প্রতিদিন গড়ে ৭৮ হাজার ৭০০ টাকা তুলতে হবে। এই কাজে কর্মী নিয়োগ করলে তাঁদের বেতন ও ইজারাদারের লাভ হিসাব করলে দৈনিক দেড় লাখ টাকার বেশি আদায় করতে হয়। অথচ বিভাগীয় ব্যবস্থায় কাউন্সিলরকে দায়িত্ব দেওয়ার পর ঢাকা দক্ষিণ সিটিকে প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার টাকা দিচ্ছেন তিনি। এতে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি।
ফুলবাড়িয়া সুপার মার্কেট-২-এর দোকানিরা প্রথম আলোর কাছে কুলিমজুরি ফি আদায়ের কয়েকটি রসিদ পাঠিয়েছেন। এসব রসিদ ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তাদের দেখানো হলে তাঁরা বলেন, বিভাগীয় ব্যবস্থায় টোল ও ফি আদায়ের রসিদ এটি নয়। যে রসিদ দিয়ে টাকা তোলা হচ্ছে, এই রসিদ গত বছর ইজারা দেওয়া প্রতিষ্ঠানের। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, আগের ইজারাদারের কাছ থেকে রসিদ সংগ্রহ করে বা নতুন করে রসিদ ছাপিয়ে টাকা তোলা হচ্ছে। ওই রসিদে টাকা তোলা হলে তা করপোরেশনের তহবিলে জমা হবে না।
ঢাকা দক্ষিণ সিটির পরিবহন শাখার একাধিক কর্মকর্তা জানান, কোন টার্মিনালের বা বিপণিবিতানের ইজারা কে পাবে, কীভাবে পাবে, খাস আদায় হলে কীভাবে হবে, সব মহাব্যবস্থাপকের তত্ত্বাবধানে হচ্ছে। করপোরেশনের কর্মকর্তারাও এই টাকার ভাগ পাচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাবে তাঁরা বলেন, বিষয়টি যেহেতু মহাব্যবস্থাপক দেখভাল করেন, তিনিই এ বিষয়ে ভালো বলতে পারবেন।
পরে ভুয়া রসিদে টাকা আদায়ের বিষয়ে দক্ষিণ সিটির পরিবহন শাখার মহাব্যবস্থাপক হায়দর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ভুয়া রসিদের কপি হোয়াটসঅ্যাপে পাঠাতে বলেন। রসিদ পাঠানোর পর কল করা হলেও তিনি আর ধরেননি।