
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ‘ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করছে’ বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬ সিজন ২’-এর সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ‘আপনারা দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন উনাকে (তারেক রহমান) হেফাজত করেন। কারণ, ওনার বিরুদ্ধে ইসলামের দুশমনরা প্রচুর ষড়যন্ত্র করছে, যাতে তিনি কোনো ভালো কাজ করতে না পারেন।’
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘বাংলাদেশে ইসলামের ধারক-বাহক ছিলেন জিয়াউর রহমান। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অন্তর্ভুক্ত করেছিলেন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন। সেই ধারা বজায় রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
ধর্মমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়া আলেমদের মূল্যায়ন করেছেন। ২০০৯ সালে বাংলাদেশের প্রখ্যাত আলেমদের রোজার মাসে হাদিয়া পাঠিয়েছিলেন। নামাজের মোসাল্লা (জায়নামাজ), খেজুর এবং আতর সারা বাংলাদেশের প্রখ্যাত আলেমদের পাঠিয়েছিলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বর্তমান খতিব আল্লামা মুফতি আবদুল মালেক। তিনি বলেন, ‘এখানে যে সহিহ শুদ্ধ তিলাওয়াত, তাজবিদসহ সুন্দর তিলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেটার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে, সেটার জন্য আমি খুব আনন্দিত।’
সভাপতির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিগত সাড়ে ১৫ বছর আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত ছিলাম, তাই এমন আয়োজন করতে পারিনি। এখন সুযোগ পেয়ে আমরা কেবল কোরআন তিলাওয়াত প্রতিযোগিতাই নয়, সাধারণ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচি পালনের চেষ্টা করছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমসহ সংগঠনের শীর্ষ নেতারা।