দেশে ডেঙ্গুতে ১৬ থেকে ৩৫ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন। কিছু দিন ধরে ঢাকায় ডেঙ্গু আক্রান্তের হার স্থিতিশীল থাকলেও ঢাকার বাইরে রোগী বাড়ছে। ঢাকার পর রোগী বেশি আক্রান্ত হচ্ছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে।
দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চ্যুয়াল ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখার পরিচালক শাহাদাত হোসেন।
ব্রিফিংয়ে বলা হয়, জুলাইয়ে আক্রান্তের হার অনেক বেশি ছিল। আগস্টেও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। গত ৮ দিনে ২০ হাজারের বেশি ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ঢাকার বাইরে আক্রান্তের হার বাড়ছে। আক্রান্তের হারে স্থিতিশীলতা আনা না গেলে আগস্টে রোগী আক্রান্ত আরও বাড়বে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৮ আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ হাজার ২২৫ জন। তাঁদের মধ্যে ৫১ শতাংশ রোগীই ১৬ থেকে ৩৫ বছর বয়সী। চলতি বছর ডেঙ্গুতে মারা গেছেন ৩৪০ জন। এর মধ্যে নারী ১৯৪ ও পুরুষ ১৪৬ জন।
ব্রিফিংয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজধানীর মুগদা হাসপাতালে সবচেয়ে বেশি ৪২৪ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া ঢাকা মেডিকেলে ৩৭৭, মিটফোর্ড হাসপাতালে ২৭৩ ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে ২৯২ জন ভর্তি রয়েছেন। ডিএনসিসি হাসপাতালে শয্যা ফাঁকা আছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।