দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত) ৪ হাজার ৮৩৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সর্বশেষ ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় নতুন রোগী শনাক্ত কমলেও মৃত্যু বেড়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হারও কমেছে। আগের দিন ৫ হাজার ২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল, মৃত্যু হয়েছিল ২০ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৩২ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৮৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৬ দশমিক ৫০ শতাংশ।
দেশে করোনা পরিস্থিতি প্রায় সাড়ে তিন মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে রোগী বাড়তে শুরু করে। ৬ জানুয়ারি দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজার ছাড়ায়। এর দুই সপ্তাহের মাথায় ২০ জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত ১৫ হাজারের ওপরে উঠেছিল। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তা ১০ হাজারের ওপরেই ছিল।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৮ জনের মধ্যে পুরুষ ২০ জন ও নারী ৮ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ১২ জন ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনায় ৬ জন, রাজশাহীতে ৪, চট্টগ্রাম ও রংপুরে ২, বরিশাল ও সিলেটে ১ জন করে মারা গেছেন। ময়মনসিংহে কেউ মারা যাননি।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৬ হাজার ৬৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ লাখ ৭৮ হাজার ৬৫৫ জন। মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮১৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৫৩ জন।