দেশে করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে মৃত্যুও বাড়ছে। টানা ৪ দিন করোনায় ৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আগের দিন ৩১ জনের মৃত্যু হয়েছিল।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ১৯৩ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আগের দিন করোনা শনাক্ত হয়েছিল ১৩ হাজার ১৫৪ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ৪৪ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ৪৩। আগের দিন এ হার ছিল ২৯ দশমিক ১৭।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—১৩ জন। এ ছাড়া খুলনায় ৭, রাজশাহীতে ৬, চট্টগ্রামে ৫, বরিশালে ৩ জন এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই। মৃত ৩৬ জনের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ১৯ জন।
২০২০ সালের মার্চে বাংলাদেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৮ লাখ ২৪ হাজার ১৮০ জন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৪৬১ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭৫ হাজার ১৩৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২০৩ জন।
দেশে বর্তমানে করোনার অতিসংক্রামক ধরন অমিক্রনের দাপট চলছে। করোনার এ ধরনের বিস্তারে মাসখানেকের মধ্যেই দেশে সংক্রমণ ও মৃত্যু কয়েক গুণ বেড়েছে।
গত ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনা শনাক্ত ১ শতাংশের ঘরেই ছিল। তবে গত মাসের দ্বিতীয়ার্ধে এসে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত মাসের শেষ দিকে যেখানে দৈনিক রোগী শনাক্ত ৫০০-এর ঘরে ছিল, সেখানে ধারাবাহিকভাবে বেড়ে চলতি মাসের শেষে এসে তা ১৩ হাজারের বেশি হলো। অমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়েই করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে।
এর আগে গত বছরের মাঝামাঝি করোনার ডেলটা ধরনের দাপটে দেশে করোনায় মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার বেড়েছিল। তবে আগস্টে দেশব্যাপী করোনার গণটিকা দেওয়ার পর সংক্রমণ কমতে থাকে।
করোনার বিস্তার রোধে সরকারের বিধিনিষেধ চলছে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে স্কুল-কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ১১টি বিধিনিষেধ ১৩ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এ নির্দেশনা কার্যকর করতে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলছে।