
চট্টগ্রামে আজ বুধবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আজ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ হাজার ২৭৭ জন। করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ১ হাজার ১৯ জনের। জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২১ জন। এর আগের দিন, অর্থাৎ সোমবার চট্টগ্রামে ১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় ওই দিন করোনা শনাক্তের হার ছিল ৭। ওই দিন চট্টগ্রামে করোনায় দুজনের মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম করোনা রোগী মারা যান।