
দেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা) করোনায় সংক্রমিত আরও ৫ জনের মৃত্যু হয়েছে, তাঁদের সবাই নারী। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৭৭ জন।
আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আগের দিন করোনায় ১ জনের মৃত্যু এবং ২৬৯ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৫ হাজার ৬৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ১৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নারীদের মধ্যে চারজন ঢাকা বিভাগের ও একজন চট্টগ্রাম বিভাগের। এখন পর্যন্ত দেশে করোনায় ২৮ হাজার ২২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৯২৪ ও নারী ১০ হাজার ৯৮ জন।
গত বছরের মার্চে দেশে প্রথম করোনার প্রাদুর্ভাব দেখা দেয়। এর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ৯৯৬। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ৮৬২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২২ জন সুস্থ হয়েছেন।