পবিত্র হজ পালনে এবার সারা বিশ্ব থেকে ১৫ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে যান
পবিত্র হজ পালনে এবার সারা বিশ্ব থেকে ১৫ লাখের বেশি মুসল্লি সৌদি আরবে যান

এ বছর সৌদিতে পবিত্র হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে আরও দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। গতকাল রোববার তাঁরা মারা যান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা যায়। পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সর্বশেষ গতকাল যে দুই বাংলাদেশি মারা গেছেন, তাঁরা হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী।

আবদুল মজিদের বাড়ি নওগাঁ। তিনি মদিনায় মারা গেছেন। শাহজাহান আলীর বাড়ি ঢাকার খিলগাঁও। তিনি মক্কায় মারা গেছেন।

সৌদি আরবে যে ৪১ বাংলাদেশি হজযাত্রী/হাজি মারা গেছেন, তাঁদের মধ্যে পুরুষ ২৭ জন। নারী ১৪ জন। ৩০ জন মারা গেছেন মক্কায়। মদিনায় মারা গেছেন ১১ জন।

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন দেশে ফিরছেন হাজিরা। গতকালের তথ্য অনুযায়ী, পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১ হাজার ৬১৩ জন হাজি দেশে ফিরেছেন।

এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় গত ২৬ মে। প্রথম হজ ফ্লাইট শুরু হয় গত ১৮ এপ্রিল। শেষ হয় ২১ মে। ফিরতি হজ ফ্লাইট শুরু হয় ৩০ মে। চলবে ৩০ জুন পর্যন্ত।

পবিত্র হজ পালনে এ বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে যান প্রায় ৭৮ হাজার ৫০০ জন। তাঁদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায়, ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যান।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এ বছর পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি মুসল্লি দেশটিতে যান।