কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে। তাঁরা হলেন উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া গ্রামের গিয়াস উদ্দিন ও মাছকারিয়া গ্রামের আবদুল মালেক। পুলিশ বলছে, তাঁরা ডাকাত দলের সদস্য। গত মঙ্গলবার রাত ১০টার দিকে আটক ডাকাতেরা শিবিরের ডি-ব্লক শেডে প্রবেশ করে অস্ত্রের মুখে রোহিঙ্গাদের ঘরের মালামাল লুটের চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে গিয়ে একটি এলজি, দুই রাউন্ড গুলিসহ তাঁদের আটক করা হয়। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান বলেন, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা হয়েছে।