আচরণবিধি লঙ্ঘন

শেরপুরের ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সাত ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিপুলসংখ্যক কর্মী-সমর্থক নিয়ে শোভাযাত্রা সহকারে নিজ নিজ ইউনিয়ন থেকে উপজেলা সদরে আসেন। শোভাযাত্রায় নৌকা প্রতীক প্রদর্শন করা হয়। প্রতিটি শোভাযাত্রার সামনে ছিলেন দলীয় চেয়ারম্যান প্রার্থী। শোভাযাত্রার পুরো সময় দলীয় কর্মী-সমর্থকেরা নেচে-গেয়ে নৌকার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।