পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পদ একটি। কিন্তু দায়িত্ব পালন করছেন দুজন। ফলে ওই পদের চিকিৎসক নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, চিকিৎসক জে এইচ খান লেলিনের চেম্বারের সামনে তাঁর নামফলকে আরএমও লেখা আছে। অন্যদিকে চিকিৎসক গোলাম ফরহাদের চেম্বারেও তাঁর নামফলকে আরএমও লেখা।
হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের পার-২ অধিশাখার প্রজ্ঞাপনে ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে যোগদানকৃত কর্মকর্তাদের পদায়ন ও বদলির তালিকায় চিকিৎসক জে এইচ খান লেলিনকে কর্মস্থল হিসেবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিযুক্ত করা হয়। ওই তালিকায় তাঁকে আরএমও পদের বিপরীতে পদায়নের কথা উল্লেখ রয়েছে। সে হিসেবে লেলিন গত ১০ সেপ্টেম্বর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন।
অন্যদিকে চিকিৎসা কর্মকর্তা (এমও) হিসেবে ঝালকাঠি জেনারেল হাসপাতাল থেকে বদলি হয়ে গোলাম ফরহাদ ২৬ জুন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরপর ১ সেপ্টেম্বর তাঁকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) কার্যালয় থেকে আরএমও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ফলে তিনিও এখন ওই দায়িত্ব পালন করছেন।