আ.লীগের দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, দলীয় কার্যালয়ে হামলা

১৪ দলের জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মিছিলের পর পাবনার ঈশ্বরদী উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে শহরের পোস্ট অফিস মোড় থেকে পৌর আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জঙ্গি ও সন্ত্রাসবিরোধী শোভাযাত্রা বের করে। এটি আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে দিয়ে গিয়ে বাজারের মাহবুব খান উন্মুক্ত স্মৃতি মঞ্চে এসে পথসভা করে। এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।
সূত্র আরও জানায়, এ সময় উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান উপজেলা কমিটির জ্যেষ্ঠ নেতা ও অঙ্গসংগঠনের বেশ কিছু নেতা-কর্মীসহ উপজেলা কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। দুপুরে ওই পথসভা শেষে মিছিল নিয়ে ফেরার সময় কার্যালয়ের সামনে উপজেলা ও পৌর কমিটির পক্ষের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে পাশাপাশি অবস্থিত উপজেলা ও পৌর কমিটির কার্যালয়ে ইট ও পাথর ছুড়ে মারা হয়। এতে কয়েকজন আহত হন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহক আলী হামলা ও সংঘর্ষের জন্য উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমানকে দায়ী করেন। তিনি বলেন, মিছিল নিয়ে ফেরার সময় দলীয় কার্যালয়ের সামনে মকলেছুর রহমানের ইশারায় ঢিল ছোড়ায় পরিস্থিতি অবনতি ঘটে।
মকলেছুর রহমান বলেন, জঙ্গিবিরোধী কর্মসূচি পালনের জন্য তাঁরা দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। কিন্তু মিছিল শুরুর কিছুক্ষণ পর আওয়ামী লীগের কয়েকজন অপরাধী ও সন্ত্রাসী তাঁদের উদ্দেশে দলীয় কার্যালয়ে বৃষ্টির মতো ঢিল ছুড়ে হামলা চালায় এবং কর্মীদের মারধর করে।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দলীয় কার্যালয়ের সামনে ও শহরের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা করেনি।