লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি আব্দুস জাহের (৩৫) পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। আজ বুধবার ভোররাত ৩টার দিকে চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে দাবি করেছে পুলিশ।
নিহত জাহের স্থানীয়ভাবে ‘ধামা কালু’ নামে পরিচিত। চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও থানা সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি ওমর ফারুক হত্যাসহ বেশ কয়েকটি হত্যা ও ডাকাতির মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ জানায়, ‘সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম লতিফপুর গ্রামে একদল ডাকাতের জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। এ সময় আত্মরক্ষার জন্য পুলিশও গুলি করে। এতে দুপক্ষের মধ্যে গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে ধামা কালার লাশ পাওয়া যায়।’
এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও কয়েকটি গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বিষয়টি মুঠোফোনে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।