ইউএনওকে মারধর : আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র

ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম রকিব হায়দারকে মারধরের ঘটনায় হওয়া মামলার ১০ দিন পর আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আজ রোববার দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ মো. বদিউল আলমের আদালতে এ অভিযোগপত্র দেওয়া হয়।

৬ মে স্থানীয় এক আওয়ামী লীগের নেতাকে ‘অপমান’ করায় ইউএনও রকিব হায়দারকে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম বাদী হয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার, উপজেলার চিথলিয়া ইউপি চেয়ারম্যান ও একই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনসহ সাতজন ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা হয়। ঘটনার পর ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। আর খায়রুল ও জসিম আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের কারাগারে পাঠান।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল কাশেম চৌধুরী বলেন, আজ এজাহারভুক্ত সাত আসামিসহ মোট আটজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ২৬ মে আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

আরও পড়ুন:
আ.লীগের নেতাকে ‘অপমান’ করায় ইউএনওকে মারধর