ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দেওখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলমকে দুর্নীতির অভিযোগে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ-সংক্রান্ত চিঠি আসে। তাজুল ইসলাম ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাজুল ইসলামের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ আছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্দেশে একটি কমিটি তদন্ত করে সত্যতা পায়। এ কারণে তাজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বনানী বিশ্বাস এই বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।