নাটোরের নলডাঙ্গা উপজেলার সোনাপাতিল গ্রামে ইফতার বণ্টন করা নিয়ে গত শনিবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নলডাঙ্গা থানায় উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে।
এলাকাবাসী ও নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার সোনাপাতিল গ্রামের স্কুলপাড়া জামে মসজিদে দুই সমাজের রোজাদারদের মধ্যে ইফতার বণ্টন করাকে কেন্দ্র করে মুনছুর রহমান ও নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে মুনছুর রহমান (৪৫) সহ উভয় পক্ষের ১৪ জন আহত হন। আহত ব্যক্তিদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষই গতকাল রোববার সকালে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছে।