মাগুরা সদর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ৩০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জাহিদুল ইসলাম (২৮) ও সবুজ রহমান (২২)। তাঁদের বাড়ি সদরের ইছাখাদার উথলি এলাকায়। জেলা ডিবি পুলিশের এসআই হামিদুল ইসলাম বলেন, রাত সাড়ে ১০টার দিকে ওই দুই মাদক ব্যবসায়ীকে উপজেলার কুকনা ঘোষপাড়া এলাকা থেকে গ্রেপ্তার ও তাঁদের কাছ থেকে ওই ইয়াবা বড়িগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এর আগে দুপুরে শহরের দোয়ারপাড় এলাকা থেকে চান শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয়।