সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর সদরের করতোয়া খালের দুই পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এই উচ্ছেদ অভিযান শুরু করে।
উপজেলা প্রশাসন, পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উল্লাপাড়া পৌর শহরের মধ্যে করতোয়া নদীর শাখা নামের একটি খাল রয়েছে। প্রভাবশালীরা খালের দুই পাশের প্রায় এক কিলোমিটার অংশজুড়ে দোকানপাট ও বাড়িঘর তুলে অবৈধ দখল স্থাপন করে। ক্রমান্বয়ে খালটিও ভরাট করে দখল সম্প্রসারণ করায় খালটির অস্তিত্ব হুমকির মুখে পড়ে। খালটি রক্ষায় গতকাল ইউএনওর নেতৃত্বে পৌর মেয়র নজরুল ইসলাম ও থানা-পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান শুরু হয়।
ইউএনও সন্দ্বীপ কুমার সরকার বলেন, খালের অবৈধভাবে ভরাট করা জমিগুলো খাস খতিয়ানভুক্ত। এগুলো উদ্ধার করা হবে।