দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ফেনসিডিলসহ একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। ট্রাকটির চালকের সহকারী হামিদুল ইসলামকে (৪৫) আটক করা হয়েছে। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার কৈগাড়ী গ্রামের জিল্লুর রহমানের ছেলে। বিজিবির বাসুদেবপুর ক্যাম্পের সুবেদার গোলাম মোস্তফা বলেন, ভারত সীমান্তবর্তী সাতকুড়ি রেলগেট এলাকায় বিজিবির একটি টহল দল ধানের তুষবোঝাই ট্রাকটিকে থামার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করে চালক ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করেন। বিজিবি ধাওয়া করে বাসুদেবপুর এলাকায় ট্রাকটিকে আটক করে। এ সময় চালকের সহকারী হামিদুলকে আটক করে বিজিবি। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৯৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।