
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ মঙ্গলবার সকালে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন আছে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে কসবা-আখাউড়া সড়কে উপজেলার গোপীনাথপুর এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। বিষয়টি পুলিশকে জানায় স্থানীয় লোকজন। খবর পেয়ে কসবা থানা-পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করেন। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ওই যুবকের বয়স ৩৫ বছর। তাঁর শরীরে কমপক্ষে ১০-১২টি আঘাতের চিহ্ন আছে।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ কামাল বলেন, ভোররাতের দিকে যুবকটিকে এখানে ফেলে যাওয়া হয়। লাশ উদ্ধারের সময় ওই যুবকের শরীরের কয়েকটি স্থান দিয়ে রক্ত বের হচ্ছিল।