
খুলনার রূপসা উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের দক্ষিণ নন্দনপুর গ্রাম থেকে আজ শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া গৃহবধূর নাম লাকি খাতুন (৩৫)। তিনি উপজেলার রহিমনগর গ্রামের আনসার আলীর মেয়ে। এ ঘটনায় লাকির সাবেক স্বামী ফুল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, ছয় মাস আগে ফুল মিয়ার সঙ্গে বিচ্ছেদ হয় লাকির। বিচ্ছেদের পর দক্ষিণ নন্দনপুরের বাড়িতে একাই থাকতেন তিনি। শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকজন যুবককে লাকির বাড়িতে ঢুকতে দেখেন এলাকাবাসী। এরপর তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুর ১২টার দিকে প্রতিবেশীরা ঘরে ঢুকে খাটের ওপর লাকির মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে শ্বাস রোধ করে হত্যার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর সাবেক স্বামী ফুল মিয়াকে আটক করা হয়েছে।