গোপালগঞ্জে সাঁকো নির্মাণকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই গ্রামে বাঁশের সাঁকো নির্মাণ নিয়ে সাহাবুদ্দিন সিকদার ও কবির সিকদারের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে দুই দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এ সংঘর্ষ চলে।
সংঘর্ষে ২৫ জন আহত হন। টেঁটাবিদ্ধ জুয়েল সিকদারকে (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।