চট্টগ্রামে চুরি হওয়া ৬৬ ভরি স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে কক্সবাজার জেলার চকরিয়া সদর এলাকায় একটি বসতঘরের মাটি খুঁড়ে এগুলো উদ্ধার করে নগরের চকবাজার থানার পুলিশ।
এ ঘটনায় বাসার গৃহপরিচারিকা, গাড়িচালকসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন রুমা, জমির উদ্দিন, হুমায়ুন কবির ও তাহের।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক চৌধুরী প্রথম আলোকে জানান, ২৫ আগস্ট নগরের কাপাসগোলা এলাকায় বিএনপির নেতা আহমদ খলিল খানের বাসা থেকে ৬৬ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ ও মালামাল চুরি হয়। এ সময় পরিবারের সদস্যরা সবাই বিয়ের অনুষ্ঠানে বাইরে ছিলেন। বাসায় ছিলেন শুধু গৃহপরিচারিকা। বাসায় কেউ না থাকার সুযোগে গৃহপরিচারিকা বাসার সাবেক গাড়িচালকসহ তিনজনকে বাসায় ঢোকান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গৃহপরিচারিকাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চকরিয়া সদরে অভিযান চালিয়ে স্বর্ণালংকার ও মালামাল উদ্ধার করা হয়। আহমদ খলিল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। গৃহপরিচারিকা রুমা আক্তারের সঙ্গে বাসার গাড়িচালক হুমায়ুন কবিরের সম্পর্ক ছিল। এ কারণে তাঁকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। এ ঘটনার জের ধরে গৃহপরিচারিকার সঙ্গে পরিকল্পনা করে বাসায় কেউ না থাকার সুযোগে মালামালগুলো চুরি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন আসামিরা।