
চট্টগ্রাম নগরের পুরোনো চাঁদগাঁও ভবনের পাশে রোজ গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল রিপন, রফিক ও ফরিদ। তাঁরা সেখানে দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মো. শরীফুল ইসলাম বলেন, ওই সড়ক দিয়ে অনেক গাড়ি চলছিল। হঠাৎ একটি গাড়ি থেকে এ হামলা চালিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে পুলিশের ওই তিন সদস্য আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়া হচ্ছে।
এর আগে শনিবার রাতে রাজধানীর রমনা থানার মৎস্য ভবন এলাকায় পুলিশের গাড়িতে ককটেল ও পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে ওই গাড়িতে থাকা পুলিশের এক সদস্য দগ্ধ হন। এ ছাড়াও এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হন।