চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫ জানুয়ারি যৌথ বাহিনীর অভিযানের সময় আটক দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এঁরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে আবু তাহের ওরফে শিশির (২৫) ও মোবারকপুর ইউনিয়নের মহসীন আলীর ছেলে মোজাম্মেল হক (২৩)।
মজিবুর রহমান ও মহসিন আলী অভিযোগ করেন, যৌথ বাহিনীর অভিযানের দিন বিকেল পৌনে চারটার দিকে বাজিতপুর গ্রামের একটি বেগুনের জমি থেকে স্থানীয় ছাত্রদল নেতা মতিউর রহমানের সঙ্গে আবু তাহের ও মোজাম্মেলকে আটক করে। পথে হজরত আলী ও শ্যামল নামে আরও দুজনকে আটক করা হয়। এ পাঁচজনকে র্যা বের গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ১৫ জানুয়ারি দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কানসাটে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন মতিউর রহমান। পরদিন র্যা ব হজরত ও শ্যামলকে শিবগঞ্জ থানায় সোপর্দ করলেও আবু তাহের ও মোজাম্মেল হকের খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় জিডি করতে গেলে থানার ওসি জিডি গ্রহণ করেননি।
এ প্রসঙ্গে ওসি এম এম ময়নুল ইসলাম প্রথম আলোকে বলেন, মজিবুর রহমান ও মহসিন আলী তাঁর সঙ্গে এ ব্যাপারে মুঠোফোনে কথা বলেছেন, থানায় আসেননি। থানায় এলে জিডি নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জে র্যা ব-৫-এর কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ১৫ জানুয়ারি অভিযানের সময় মতিউর রহমানের সঙ্গে হজরত ও শ্যামল নামে দুজনকে আটক করে র্যা ব।