শহীদ হামজা ব্রিগেড নামে চট্টগ্রাম কেন্দ্রিক একটি জঙ্গি সংগঠনের চার সদস্যকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজ শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া চার আসামি হলেন আবদুর রহমান ইবনে আসাদুল্লাহ, মো. ইউসুফ, হারুন অর রশীদ ও মুস্তাকিম বিল্লাহ মাশরুর।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, চার আসামিকে হাটহাজারি থানায় গত ১৯ ফেব্রুয়ারি করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি আবুল হাশেম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া চার আসামিকে হাটহাজারী উপজেলা সদরের মাদ্রাসাতুল আবু বকর (র.) এর কোমলমতি মাদ্রাসা ছাত্রদের তাত্ত্বিক জঙ্গি প্রশিক্ষণে মদদ দিয়েছিলেন। এ কারণে তাঁদের জিজ্ঞাসাবাদ করে জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের মূল হোতা ও মদদদাতাদের শনাক্ত করার প্রয়োজন রয়েছে উল্লেখ করে রিমান্ড মঞ্জুর করতে আদালতকে অনুরোধ জানানো হয়। পরে আদালত আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ ফেব্রুয়ারি হাটহাজারীর মাদ্রাসাতুল আবু বকর (র.) এ অভিযান চালিয়ে এই চারজনসহ ১২ জনকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে শহীদ হামজা ব্রিগেডে অর্থ জোগান দেওয়ার অভিযোগে গতকাল রোববার ব্যবসায়ী এনামুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের বাঁশখালী আদালত। ব্যবসায়ী এনামুলকে গত শনিবার রাতে গাজীপুরে টঙ্গীর তুরাগ থেকে গ্রেপ্তার করা হয়।