কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলিরবিল এলাকায় গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে ৮০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুখেন্দু বসু বলেন, পাগলিরবিল এলাকার জসিম উদ্দিন ও নেজাম উদ্দিন কক্সবাজার শহরে পাচারের উদ্দেশে ৮০ লিটার চোলাই মদ নিয়ে এসেছে—এ খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম ও নেজাম পালিয়ে যান। তিনি জানান, এ ঘটনায় জসিম ও নেজামকে আসামি করে গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে।