সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাত্রলীগের এক নেতার বাড়ি থেকে আজ বৃহস্পতিবার উপজেলা ছাত্রশিবিরের উত্তর শাখার সভাপতি রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ আশ্রয়দাতা হাফিজুর রহমানকেও আটক করে। তিনি উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আজ দুপুরে ছাত্রলীগ নেতা হাফিজুরের বাড়ি থেকে শিবির নেতা রেজাউলকে গ্রেপ্তার করে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। রেজাউলের বিরুদ্ধে উল্লাপাড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামের গাড়িতে ককটেল নিক্ষেপের অভিযোগে মামলাসহ মোট ১৫টি মামলা রয়েছে।