ছাত্রী উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে অপহৃত এক এসএসসি পরীক্ষার্থীকে (১৫) খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। শহরের শেখপাড়া মহল্লার একটি বাড়ি থেকে গত মঙ্গলবার বিকেলে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। মঠবাড়িয়া থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে মেয়েটি বিদ্যালয়ে যাচ্ছিল। সকাল আটটার দিকে শহরের তুষখালী সড়ক থেকে শাহজালাল (২২) নামের এক যুবক তিন-চারজন সহযোগী নিয়ে মেয়েটিকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ ঘটনায় মেয়েটির মা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের অভিযোগ, শাহজালাল তাঁদের মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। মঙ্গলবার বিকেলে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে মেয়েটিকে উদ্ধার করে।