নওগাঁর রানীনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে মাদ্রাসার সুপারসহ জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে এ অভিযান চালানো হয়। এ সময় তিনটি ককটেল ও ১৭টি জিহাদি বই উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় নাশকতা আইনে মামলা করা হয়েছে।
রানীনগর থানার ওসি আবদুল লতিফ খান বলেন, বুধবার রাত সাড়ে আটটায় রানীনগর উপজেলা সদরের পূর্ব বালুভরা পেট্রলপাম্পের পাশের একটি বাসায় নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক হওয়ার সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীরা পালিয়ে গেলেও আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার শরিফউদ্দীন মাজহারিকে (৪৮) আটক করা হয়। তাঁর বাসা তল্লাশি করে তিনটি ককটেল ও ১৭টি জিহাদি বই উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, অভিযানের সময় পালিয়ে যাওয়া আবদুল কাহারকে (৩৬) উপজেলার আবাদপুকুর থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আবাদপুকুর মরুপাড়া গ্রামের বাসিন্দা ও কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি। মাদ্রাসা সুপার শরিফউদ্দীন মাজহারি রানীনগর থানা জামায়াতের শুরা সদস্য।