নাটোরের সিংড়া উপজেলার সরিষাবাড়ী গ্রামে জুয়ার আসর বসানোকে কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় চারটি বাড়ি ও তিনটি কলের লাঙল ভাঙচুর করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
থানার পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় সরিষাবাড়ী গ্রামে সাগর পাগলের মেলায় পাশের পারলী গ্রামের আবুল কালাম আজাদ ও হযরত আলী জুয়ার আসর বসাতে চান। এ নিয়ে সরিষাবাড়ী গ্রামের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।