মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার যশলং এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশলং ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছ দেওয়ানের সঙ্গে একই ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিনা বেগমের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। গত মঙ্গলবার রাতে মোখলেছ দেওয়ানের নিয়ন্ত্রণাধীন একটি পুকুর থেকে চাষ করা কিছু মাছ কে বা কারা লুট করে। এ ঘটনায় মোখলেছ দেওয়ান বাদী হয়ে রিনার লোকজনকে আসামি করে গত বুধবার মুন্সিগঞ্জ আদালতে একটি মামলা করেন। এরই জের ধরে গতকাল সকাল ১০টার দিকে রিনার পক্ষের কয়েক শ লোক মোখলেছ দেওয়ানের বাড়িতে হামলা চালায়। এ সময় মোখলেছ দেওয়ান তাঁর বন্দুক নিয়ে গুলি ছোড়েন। এতে ১৩ জন গুলিবিদ্ধ হয়।