টেকনাফে দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ

কক্সবাজারের টেকনাফে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির গুলিবদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দুই ব্যক্তি মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক ও সন্দেহভাজন মাদক ব্যবসায়ী। তাঁদের আনুমানিক বয়স ৩৫ বছর।

আজ শনিবার সকাল আটটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানিরছড়ার টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ বলছে, লাশের পরনে ছিল লুঙ্গি ও হাফহাতা গেঞ্জি। দুজনের শরীরে দুটি করে চারটি গুলির চিহ্ন রয়েছে। তাদের বুক ও পেটে দুটি করে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ দুটির পার্শ্ববর্তী স্থান থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

পরনে থাকা লুঙ্গি ও গেঞ্জি দেখে পুলিশ ধারণা করছে, তাঁরা মিয়ানমারের রোহিঙ্গা হতে পারেন। ইয়াবার চালান পাচারের সময় দুই দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁরা গুলিতে নিহত হতে পারেন। বেলা ১১টা পর্যন্ত ওই দুটি ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় লোকজন জানান, শনিবার সকালে স্থানীয় কয়েকজন জেলে মাছ শিকার শেষে বাড়িতে ফেরার সময় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের পাশে গুলিবিদ্ধ অবস্থায় দুটি লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ দুটি উদ্ধার করে।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।