পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আনুমানিক ৩০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাছ ধরার একটি ট্রলারে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতেরা মুক্তিপণের জন্য তিন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। এ ছাড়া তিন জেলেকে সাগরে ফেলে দিয়েছে। আজ মঙ্গলবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন রুহুল আমীন মাঝি (৪০), মো. শুক্কুর আলী (৪২) ও মো. শানু মিয়া (৫০)। আর সাগরে ফেলে দেওয়া হয়েছে আল আমীন (২৫), নাঈম (২২) ও বজলুর রহমানকে (৪৫)।
ডাকাতির শিকার হওয়া ট্রলার ‘এফবি এলমা আক্তার’ এর মাঝি মো. জসিম উদ্দিনের ভাষ্য, মাছ ধরা শেষে আজ ভোররাতে তাঁরা আলীপুর বন্দরের উদ্দেশে ফিরছিলেন। এ সময় অন্য একটি ট্রলার থেকে ডাকাতরা তাঁদের ট্রলার থামাতে বলে। ১২-১৫ জনের ওই ডাকাত দলের কথামতো ট্রলার না থামানোয় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ভয় পেয়ে তাঁরা সবাই ইঞ্জিন রুমের মধ্যে ঢুকে পড়েন।
জসিম উদ্দিন বলেন, একপর্যায়ে ডাকাতেরা তাঁদের ট্রলারটি ধরে ফেলে। এরপর সেটিতে থাকা মাছ, জাল, ও জ্বালানি তেল মিলিয়ে আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে। এর পর ডাকাতদল তিনিসহ (জসিম) ১১ জনকে অন্য একটি মাছ ধরার ট্রলারে তুলে দিলেও তিন জেলেকে সাগরে ফেলে দেয়। পরে তারা ভেতরে থাকা বাকি তিন জেলেসহ ট্রলারটি নিয়ে যায়।
জসিম উদ্দিন আরও জানান, সেখান থেকে পরে তাঁরা আলীপুরে পৌঁছান।
অপহরণ করে নিয়ে যাওয়া ট্রলারটির মালিক আলীপুর বন্দরের আবুল কোম্পানির ব্যবস্থাপক মো. আবদুল বারেক বলেন, এফবি এলমা আক্তার ট্রলারটি ১৭ জেলেসহ ২৩ অক্টোবর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ফিরে আসা জেলেদের বরাত দিয়ে তিনি বলেন, মুক্তিপণের দাবিতে ট্রলার ও জেলেদের অপহরণ করা হয়েছে। ডাকাতেরা নিজেদের ‘মাস্টার বাহিনী’ এর সদস্য বলে পরিচয় দিয়েছে।
কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. আনসার উদ্দিন মোল্লা বলেন, ‘সাগরে ডাকাতি হচ্ছে, অথচ কোনো নিয়ন্ত্রণ নেই। এ বছর ইলিশ মৌসুমের শেষ মুহূর্তে জলদস্যুরা তিন-চার দফা জেলেদের ওপর হামলা চালায়। এরা দয়াল, মজনু, মাস্টার, আলীফ, বাচ্চু ও এনামুল বাহিনী নামে পরিচয় দিচ্ছে। মূলত এগুলো ছদ্ম নাম। আসলে খুলনা এলাকার কোনো প্রভাবশালী মহল জলদস্যুদের সঙ্গে জড়িত।’
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষার্থে সুন্দরবনের পশ্চিম অংশে নৌযান প্রবেশ নিষিদ্ধ করার পর থেকে জলদস্যুরা ও চোরাকারবারিরা এই অংশকে নিজেদের পাচারকাজ ও দস্যুতার কাজে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে।
আনসার উদ্দিন মোল্লা আরও বলেন, ‘খুলনার ফুলতলার দামোদর এলাকার এক প্রভাবশালী ব্যক্তি এই ডাকাতির সঙ্গে জড়িত। গতরাতে ডাকাতির সঙ্গে মূলত তিনি জড়িত ছিলেন। ওনার ট্রলারটির মেশিন উচ্চÿক্ষমতা সম্পন্ন। জেলেরা নিশ্চিত করে এ বিষয়টি আমাকে বলেছে।’
আড়পাঙ্গাশিয়া, রায়মঙ্গল, নীলকমল, কালির চর ও ঢেউখালির মোহনাসহ বাংলাদেশের সর্ব পশ্চিমের বনাঞ্চলে তল্লাশি চালানো হলে জলদস্যুতা নিধন এবং জিম্মি হওয়া জেলেদের উদ্ধার করা সম্ভব বলে মনে করেন তিনি।
কলাপাড়ার নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আনিছুর রহমান বলেন, ‘আমরা খবর পাওয়ার পরই টহলে নেমেছি। ইতিমধ্যে কুয়াকাটা, নিদ্রাছকিনা, পাথরঘাটা ও রাবনাবাদ সংলগ্ন সাগরে টহল তৎপরতা বাড়িয়ে দিয়েছি।’
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সুন্দরবন সংলগ্ন গভীর সমুদ্রে ডাকাতি হয়েছে। ওই এলাকা বাগেরহাট জেলা পুলিশের আওতাভুক্ত। ডাকাতির খবর শোনার সঙ্গে সঙ্গে আমরা বাগেরহাট পুলিশ এবং কোস্ট গার্ডকে জানিয়েছি। অপহরণ করে নিয়ে যাওয়া জেলেরা কলাপাড়া উপজেলার বাসিন্দা হওয়ায় আমি সাধারণ ডায়েরি করেছি। পরবর্তী ব্যবস্থা নিতে বাগেরহাট পুলিশকে বলেছি।’